শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জাপান সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগী

জাপানের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার ১.২৫% করেছে।

জাপান সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগী

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ হিসেবে সুদের হার বাড়িয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্যাংক অব জাপান (বিওজে) তাদের নীতিগত সুদের হার ১ শতাংশ থেকে ১ দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে, যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ।

বিশ্বজুড়ে জ্বালানি মূল্য বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতির চাপ মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও সুদের হার বৃদ্ধি করেছে।

২০২৪ সালে বিওজে ঋণের সুদের হার মাইনাস ০ দশমিক ১ শতাংশ থেকে বাড়ানো শুরু করে এবং গত আড়াই বছরে ছয় দফায় সুদের হার বৃদ্ধি করেছে। এই পদক্ষেপের মাধ্যমে জাপান দীর্ঘদিনের অতি-কম সুদের নীতি থেকে সরে এসে অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে।

সাধারণত কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালে দেশের মুদ্রা শক্তিশালী হয়, তবে বর্তমানে জাপান বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এর মধ্যে দুর্বল ইয়েন, বাড়তে থাকা পণ্যমূল্য এবং কর্মক্ষম জনগণের সংকোচন উল্লেখযোগ্য।

শুক্রবার বিওজের সিদ্ধান্তের আগে প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, আগস্টে জাপানের মূল মূল্যস্ফীতি সামান্য কমে ১ দশমিক ৭ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ১ দশমিক ৮ শতাংশ। তবে এটি এখনও কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডে জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে বেশি নয়, তবে দেশের অর্থনীতিতে দীর্ঘদিন পর মূল্যবৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় চলতি বছরে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েনের মূল্যও চাপে রয়েছে। আগস্টে ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলে ইয়েনের পতন ঠেকাতে জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইয়েনের মান ধরে রাখতে বিওজেকে সুদের হার বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছেন। তিনি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদাকে ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন