মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা বলা হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর কাজ কবে শুরু হবে, তা জানে না বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়।
রিক্রুটিং এজেন্সি ও বিশেষজ্ঞরা দ্রুত জটিলতা নিরসনের তাগিদ দিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই মাস আগে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেয় সরকার। সেপ্টেম্বরে মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেবে বলে জানানো হয়েছিল, এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেওয়ার কথাও ছিল।
তবে এখনো এর কোন অগ্রগতি নেই। মালয়েশিয়ায় যেতে নির্ধারিত ২৫টি এজেন্সির মাধ্যমে ইতোমধ্যে কয়েক লাখ আবেদন জমা পড়েছে। কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, "সব নিয়ে আলোচনা হয়েছে। এর একটা সমাধান ও ঐকমত্য হবে। আমরা আশা করি চলতি মাসের মধ্যেই হবে।"
খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশি শ্রমিকদের পছন্দের গন্তব্য মালয়েশিয়া। তবে নানা কারণে গত ১০ বছরে অন্তত চারবার শ্রমিক পাঠানো বন্ধ হয়েছে। দ্রুত কার্যক্রম শুরু না হলে আবারও বড় শ্রমবাজার হারানোর শঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার তাগিদ দিয়েছেন। আল আকাবা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান আতিক বলেন, "কোনোভাবেই দেরি করা সমীচীন হবে না। এটা আমাদের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।"
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এস এম সেকিল চৌধুরী বলেন, "সরকারের আন্তরিক চেষ্টা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি।" মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় রয়েছেন অভিবাসন প্রত্যাশীরা।