বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় দুই বছর পর খুলেছে। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, 'মালয়েশিয়ায় শিগগিরই শ্রমিক পাঠানো শুরু হবে।'
মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার পাশাপাশি পর্যায়ক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও খুলবে।
এর আগে, সার্কিট হাউসে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সৌজন্য বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে তিনি তার নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। এ বিষয়ে মার্কিন পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রী।