বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট। বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রার সিইও আসিফ ইমরান জানান, তাদের দুটি ফ্লাইট কক্সবাজার থেকে চট্টগ্রামে অবতরণ করেছে। তবে বৈরি আবহাওয়ার কারণে সেগুলো ঢাকায় আসতে পারেনি।
এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি-চট্টগ্রাম রুটের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
এছাড়া, এয়ার আরাবিয়ার শারজাহ-চট্টগ্রাম রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের ফ্লাইটও চট্টগ্রামে অবতরণের চেষ্টা করলেও বৈরি আবহাওয়ার কারণে পুনরায় ঢাকায় ফিরে আসে।