ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত নয়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা (৩০) ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটায়, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ঘটনার পর ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা পালিয়ে যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। নিহতের চাচা লিয়াকত মোল্লা বলেন, "আমার ভাতিজার রাজু মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।"
নিহতের ঘটনা জানার পর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ মহাসড়কে অবস্থান নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।