মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুমিল্লার মিছিলে কিশোর গ্যাং সদস্যের উপস্থিতি নিয়ে বিতর্ক

কুমিল্লায় বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং সদস্য রতনের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

কুমিল্লার মিছিলে কিশোর গ্যাং সদস্যের উপস্থিতি নিয়ে বিতর্ক

কুমিল্লায় কেন্দ্রীয় কর্মসূচির বিক্ষোভ মিছিলে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সঙ্গে আলোচিত কিশোর গ্যাং সদস্য রতনের ছবি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে মো. মহসিন জানান, এটি ছিল বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত একটি বড় বিক্ষোভ মিছিল।

তিনি দাবি করেন, রতন কীভাবে পেছনের সারিতে এসে দাঁড়িয়েছেন, তা তিনি জানতেন না এবং রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, সামনের সারিতে থাকা মো. মহসিনের পেছনের সারিতে রতনকে হাঁটতে দেখা যাচ্ছে।

মহসিন বলেন, “মিছিলে সবাইকে চেনা খুব কষ্টের ছিল। আমরা মিছিল নিয়ে ব্যস্ত ছিলাম।” তিনি আরও জানান, মিছিলে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে আসার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগমের ছেলে অপ্রতীম হত্যার পর প্রশাসন কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে। এর মধ্যেই রাজনৈতিক কর্মসূচির মিছিলে রতনের উপস্থিতির ভিডিও সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানাও জানান, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন