কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং এবং ছিনতাইবিরোধী ১১ দিনের অভিযানে পুলিশ ২,৭৬৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিট, ডিবি পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।
আটককৃতদের অপরাধ যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ১,৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে গুরুতর সংশ্লিষ্টতা না থাকায় ১,১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানার যেসব এলাকায় কিশোর অপরাধী সক্রিয়, সেসব স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাধারণ নাগরিকদের হয়রানির শিকার না হওয়ার জন্য প্রশাসন কঠোর নজরদারি রাখে।
পুলিশের দাবি, উঠতি বয়সীদের নতুন করে অপরাধে জড়ানো থেকে বিরত রাখতে এবং কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধে এই অভিযান অব্যাহত থাকবে।