নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেন চাঁদপুর সদরের রাঙ্গে গাও গ্রামের আবুল বাকের গাজীর ছেলে। তিনি সোয়াদ গার্মেন্টস লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, আজ সকালে আবুল হোসেন একটি অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি বাস তাঁর অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সহকর্মী জুবায়ের জানান, দুর্ঘটনার পর দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।