নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম এবং রিফাত হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।