গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অপর তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।’
তিনি আরও জানান, ‘ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’