ফরিদপুরের নগরকান্দায় এক মাদরাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মিরাজ শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী কিশোরী আসামির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মিরাজ শেখ কৌশলে তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে আসামি তাকে ছেড়ে দেন। পরে বাড়ি ফিরে কিশোরী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে নগরকান্দা থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মিরাজ শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর আদালত বুধবার এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। তিনি বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।