ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।
আদালত আকিদুলকে ২ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত যুবক আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকালে বিদ্যালয়ে যাচ্ছিল ওই শিশু শিক্ষার্থী।
পথিমধ্যে জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে আকিদুল শিশুটিকে কোলে তুলে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবার আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরদিন শিশুটির বাবা আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ আকিদুলকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক সুজন বিশ্বাস। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
আদালত ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের ঘটনায় আকিদুল শেখের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।