গাজার ওপর ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দেইর আল-বালায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে পরপর ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে ভবনটিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ড্রোন হামলায় ৩ জন এবং দারাজ এলাকায় আরও ৩ জন নিহত হয়েছেন। হামলাগুলোতে ত্রাণপ্রার্থী ও বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্যবস্তু করা হয়।
এছাড়া, খান ইউনিসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ২ কমান্ডার নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছে।