মিশরের রাজধানী কায়রোতে একটি জ্বালানিবাহী ট্যাংকারের দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে ৩১ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময়ে ট্যাংকারটি উল্টে যাওয়ার পর আশপাশের যানবাহনের ওপর জ্বালানি ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন ধরে যায়। ঘটনাস্থলে অন্তত ২১ জন আহত হয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্যাংকারটির সামনে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্যাংকারটি সড়কের বিভাজক অতিক্রম করে উল্টে যায়।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নিহতদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।
মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটে এবং সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে।