মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদী গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনায় তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার পর নিহতের স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে। নিহত তারা মিয়া শেখ মৃত আয়নাল শেখের ছেলে। খোদেজা বেগমের বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তারা মিয়া ও খোদেজার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে, যার ফলে তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী খোদেজা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে মারধর করতেন এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। ঘটনার দিন সকালে স্বামী মারধর শুরু করলে তিনি প্রতিরোধ করেন এবং একপর্যায়ে স্বামীকে মারেন।
নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, তার পুত্রবধূ তার ছেলেকে হত্যা করেছেন, তবে তিনি স্বীকার করেন যে, স্বামী-স্ত্রীর মধ্যে মারধরের ঘটনা ঘটতো।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত হাসপাতালে যায়। প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তারা মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা সম্ভব নয়।