বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

মাদারীপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মাদারীপুরে সাপের দংশনে কৃষকের মৃত্যু

মাদারীপুরে বিষধর সাপের দংশনে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের নাম উদ্ভব বাড়ৈ (৫০), তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উদ্ভব বাড়ৈ গতকাল বিকেলে কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে আড্ডা দিতে যান। তিনি বাজারের ভেতরে থাকা একটি পরিত্যক্ত দোকান ঘরে সমবয়সীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় ওই দোকানের ভেতরে থাকা একটি গোখরা সাপ তাকে বিকেল সাড়ে ৪ টার দিকে দংশন করে। সাপটি উপস্থিত লোকজনের হাতে মারা যায়।

পরে স্থানীয়রা উদ্ভব বাড়ৈকে তার বাড়িতে নিয়ে যান এবং শরীর থেকে বিষ নামানোর জন্য এক সাপুড়ে ওঝাকে খবর দেন। অনেক চেষ্টা করেও যখন অবস্থার উন্নতি হয়নি, তখন পরিবারের সদস্যরা রাত ৮টার দিকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নিহতের বড় ভাই ত্রিনাথ বাড়ৈ বলেন, 'সাপের কামড় নিশ্চিত হওয়ার পরে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু বিষ নামাতে পারেনি। আমার ভাই পরে গুরুতর অসুস্থ হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে যাওয়ার পথেই সে মারা যায়।'

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, 'সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীকে নিয়ে আসলে তিনি এভাবে মারা যেতেন না। যেহেতু কোন সাপে কামড় দিয়েছে, সাপটিকে মেরে ফেলায় তা নিশ্চিত হওয়া গিয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই রোগী মারা যায়।'

বিজ্ঞাপন