গর্ভকালীন সেবা নিতে আসা প্রতি পাঁচ জন নারীর একজন ডায়াবেটিসে আক্রান্ত, যা সংখ্যার হিসেবে প্রায় ১০ লাখ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
জরিপে দেখা গেছে, ওজন এবং বয়স বেশি এমন নারীদের মধ্যে ডায়াবেটিসের হার বেশি। চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ে এবং মারাত্মক প্রসব জটিলতা হতে পারে মায়ের।
ঢাকা মেডিকেলে ভর্তি সাত মাসের অন্তঃসত্ত্বা সালিমা বেগম জানান, ১৫ দিন আগে তার ডায়াবেটিস শনাক্ত হয়েছে এবং তাকে ইনসুলিন নিতে হচ্ছে। ঢাকা মেডিকেলের এই ওয়ার্ডে উচ্চ ঝুঁকিপূর্ণ মায়েদের ভর্তি রাখা হয়, যেখানে অনেকেই ডায়াবেটিসজনিত নানা জটিলতা নিয়ে আসেন।
জরিপের তথ্য অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারীদের ২৪.৪% ব্লাড সুগার বেশি। শহর ও গ্রামে এই হার একই রকম। পরিবারে ডায়াবেটিসের ইতিহাস এবং কম শারীরিক পরিশ্রম করা নারীদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
বাডাসের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের (সিজিএইচআর) পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, সময়ের সাথে সাথে আক্রান্তদের সংখ্যা ৫ থেকে ৭ গুণ বেড়ে গেছে। গর্ভাবস্থার পূর্বে মা-মাদের প্রি-কন্সিভ কেয়ার দেওয়া গেলে তাদের লাইফস্টাইল পরিবর্তন করা সম্ভব এবং ডায়াবেটিস প্রতিরোধ করা যেতে পারে।
চিকিৎসকেরা সতর্ক করেছেন, গর্ভকালীন ব্লাড সুগার বেশি থাকলে ভ্রুণের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এবং শিশুর হৃদযন্ত্র, মস্তিষ্ক ও মেরুদণ্ডে কিছু জন্মগত ত্রুটির ঝুঁকি থাকে।
ঢাকা মেডিকেলের ফিটো-মেটারনাল মেডিসিনের অধ্যাপক ডা. মাহফুজা আসমা বলেন, আনকন্ট্রোলড ডায়াবেটিস অবস্থায় গর্ভস্থ বাচ্চার ওজন বৃদ্ধি পায়, যা হার্টের সমস্যা এবং পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হতে পারে, যাকে 'পলিহাইড্রামনিওস' বলা হয়।
দেশে প্রতি বছর ৪০ লাখের বেশি নারী গর্ভধারণ করেন। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, গর্ভধারণ পরিকল্পিত হতে হবে এবং সঠিক বয়স ও ওজন কমিয়ে গর্ভধারণের চেষ্টা করা উচিত।