ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদা গ্রামে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ওহিদুল ইসলাম, তিনি মোস্তফা হোসেনের ছেলে।
২০ সেপ্টেম্বর, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল ইসলাম তার ড্রাগন ফল বাগানে কাজ করতে যান। বাগানের নিরাপত্তার জন্য দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়।
সাপের কামড়ের পর তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। তবে ওঝার ঝাড়-ফুঁক করার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
অবশেষে, আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) রুজু করা হয়েছে।