নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের আরও এক সহপাঠী এখনও নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটি বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুপুর সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহত দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) রয়েছেন। নিখোঁজ অপর শিক্ষার্থী একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তারা প্রত্যেকেই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার সকালে পরিবারের কাছে স্কুলে যাওয়ার কথা বলে চার বন্ধু বাড়ি থেকে বের হয়। তবে বিদ্যালয়ে না গিয়ে দুপুর ১টার দিকে তারা একত্রিত হয়ে মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় গোসল করতে নামে। নদীতে নামার অল্প সময়ের মধ্যেই একজন সাঁতরে কূলে উঠতে পারলেও তীব্র স্রোতে বাকি তিনজন তলিয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে নিখোঁজ জমজ দুই ভাইয়ের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ আবিরকে উদ্ধারে নদীতে এখনো জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।