চট্টগ্রাম মহানগরীতে অটোরিকশা যাত্রীর গতিরোধ করে অস্ত্রের মুখে মালামাল ছিনতাইয়ের অভিযোগে মনির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়। তিনি একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন এবং একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
গত ১৯ সেপ্টেম্বর ভোরে নগরীর কোতোয়ালি থানাধীন সতীশ বাবু লেন এলাকায় মনিরের চক্রটি একটি অটোরিকশা যাত্রীর গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই যাত্রীর কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মনিরকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি দুই পলাতক সদস্যকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।