চট্টগ্রামের সাতকানিয়া থানায় ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ এবং গাজী মো. মহসিন। তাদেরকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় একটি ট্রাক তল্লাশি করার সময় এই ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা ট্রাকটি থামিয়ে চালকের পাশে বসে যান এবং পরে চালককে নামিয়ে দিয়ে ট্রাকের তল্লাশি করেন।
তল্লাশি চলাকালে ট্রাকের চালকের আসনের নিচে তিন পোটলায় রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযোগ রয়েছে যে, জব্দকৃত ইয়াবাগুলো তারা আত্মসাত করেছেন।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানিয়েছেন, ইয়াবা আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।