বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন

স্পেনে ট্রেন সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮, আহত ৮০ জন।

স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন

স্পেনে স্থির দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সঙ্গে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোতে আরও মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। চলতি বছরে দেশটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা এবং ২০১৩ সালের পর ইউরোপে এটিই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

সংঘর্ষের পরপরই সেখানে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী হেলিকপ্টার ও মরদেহ পরিবহনের গাড়ি পৌঁছায়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, "পুরো স্পেন এই শোকে শোকাহত।" তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন।

সানচেজ বলেন, "দেশের উচ্চগতির রেলব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন হলে তা করা হবে।"

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, সামনে একটি ট্রেন স্থির দাঁড়িয়ে থাকায় রেনফে পরিচালিত ট্রেনটিকে লাল সংকেত দেওয়া হয়েছিল। তবে সংকেত সক্রিয় থাকা সত্ত্বেও ট্রেনটিকে চলার অনুমতি দেওয়া হয়।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফে এক বিবৃতিতে জানায়, চলার অনুমতি পাওয়ার পর তাদের ট্রেনটি সামনে থাকা ইরিও পরিচালিত ট্রেনটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে ইরিওর ট্রেনটি কেন দাঁড়িয়ে ছিল, তা তাদের জানা নেই।

দুর্ঘটনার প্রকৃত ধারাবাহিকতা এবং সংঘর্ষের কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তল্লাশি চালান।

কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে নিহতের সংখ্যা ৬৮-তে পৌঁছানোর কথা জানান।

বিজ্ঞাপন