শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সীতাকুণ্ডে পিটিয়ে যুবককে হত্যা, আহত আরেক যুবক

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের পিটুনিতে যুবক নিহত, অপর যুবক গুরুতর আহত।

সীতাকুণ্ডে পিটিয়ে যুবককে হত্যা, আহত আরেক যুবক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে দুর্বৃত্তদের পিটুনিতে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন নামের আরও এক যুবক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতের এই হামলার ঘটনা অলিনগর এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুই যুবকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। গুরুতর আহত শাওনকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শাওন বাড়বকুণ্ড অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, নিহত তারেক হোসেন বাপ্পি যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের না হলেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন