মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও শিক্ষার্থীরাও রয়েছে। গত শনিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিরোধী জোট সরকারের মুখপাত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানায়।
বৃহস্পতিবার বিকেলে সিনবাউংওয়ে শহরের একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হামলাটি ঘটে। জাতীয় ঐক্যের সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন বিদ্রোহী যোদ্ধা রয়েছে, এবং মোট ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে, গ্রামটিতে বিদ্রোহীদের আনাগোনা থাকলেও হামলার সময় সেখানে কোনো সংঘর্ষ চলছিল না। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
অন্যদিকে, আরেকটি গ্রামে বাস্তুচ্যুতদের বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকারের বিমানবাহিনী, এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। বিরোধী দলের হিসাব অনুযায়ী, সামরিক বাহিনী এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে, যার ফলে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।