আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলের পাশে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৯৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিস্ফোরণটি শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ঘটেছে। কুনার প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভী সামিউল হক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, বিস্ফোরণটি একটি বাড়িতে ঘটে যা স্কুলের সীমানার কাছাকাছি অবস্থিত।
মৌলভী সামিউল হক বলেন, "ওই বাড়ির বাসিন্দারা খনি ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়িটিতে ডিনামাইটের মজুত ছিল। আমাদের ধারণা, সেই ডিনামাইটই এ বিস্ফোরণের জন্য দায়ী।"
কুনার প্রাদেশিক প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রাদেশিক ও কাবুলের কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না তা এখনো জানা যায়নি।