মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত পেরুর প্রত্যন্ত অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় পাইলট এনজো এসপিনোজা রোক একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে উদ্ধার হয়েছেন এবং তাকে গুরুতর অবস্থায় রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অ্যাপুরিম্যাক অঞ্চলের সানাবাম্বা শহরের কাছে 'ভিআরএইএম' এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি একটি সেনা টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশগ্রহণ করছিল।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় তিন সেনাসদস্যকে, তবে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে ভিআরএইএম স্পেশাল কমান্ডের সদস্যদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, পেরুর ভিআরএইএম অঞ্চলটি 'কোকেন ভ্যালি' নামে পরিচিত, যেখানে কোকা পাতা উৎপাদনকারী চক্র এবং সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের সদস্যরা সক্রিয় রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই অঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ আরোহী নিহত হয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পেরু এবং কলম্বিয়া মাদক উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে, ফলে এই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়।