আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে ইরান একাধিক কড়া বার্তা প্রেরণ করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত।
ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, যে স্থান থেকে ইরানে হামলা হবে, সেটিই তাদের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। তিনি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন, যেখানে দেশটির ভূগোল ও কৌশলগত গুরুত্ব অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি বৃদ্ধি করেছে।
এদিকে, প্রতিবেশী ইরাককেও সতর্ক করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, বাগদাদ যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে, ইরাকের বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করার পর এই সতর্কবার্তা এসেছে। এর আগে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির তেল পাচার বন্ধ, দুর্নীতি দমন এবং অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নেয়ার উদ্যোগের প্রশংসা করেন ট্রাম্প।
ইরানের দূতাবাস রোমে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে, তবে আমেরিকায় নয়। তেহরান সতর্ক করে বলেছে, আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রের পাল্লাই মূল বিষয় নয়; সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো বৈধ পথই বিবেচনার বাইরে রাখা হবে না।