রাজশাহীতে রাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গাড়ির চাপায় শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থী এস এম রিজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দেয়, ফলে তিনি রাস্তার এক পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন রিজন। ঘটনাস্থলেই একজন রিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত গাড়িসহ রিজনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।