গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৪৫), যিনি আসবাবপত্রের ব্যবসা করেন। বিস্ফোরণের পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে নূর মোহাম্মদ নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান। সেখানে তিনি একটি বিস্ফোরকসদৃশ বস্তু দেখতে পান এবং সেটি চিনতে না পেরে হাতে তুলে নেন।
তিনি পরে সেটির সেফটি পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে, যার ফলে তার একটি হাত গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার পর শ্রীপুর থানার পুলিশ ও এসআরবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখে নূর মোহাম্মদ সেটি তুলে পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।