গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য এটিএসআই নূরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬) রয়েছেন। পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, হামলার ঘটনায় একটি এবং মাদকসহ আটকের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ৫৮টি ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তাদেরকে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসার পর অন্যান্য মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকসহ আটক দুজনকেও হামলা ও মাদকের পৃথক দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের ঢাকার আদালতে পাঠানো হবে।