সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে হত্যার অভিযোগে তার ছেলে নুরু আলম (৪৫) আটক হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রেজিয়া খাতুনের টিনের বসতঘরে পারিবারিক কলহ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে নুরু আলম ধারালো দা দিয়ে তার মায়ের গলার পেছনে সজোরে কোপ মারে। এতে ঘটনাস্থলেই রেজিয়া খাতুন মারা যান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ নুরু আলমকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।