নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির, তিনি আইপিটিভি রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোণা প্রতিনিধি এবং ডিটেকটিভ আর্টিকেল নামের একটি ফেসবুক পেজের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলিফ ফকির তার শ্বশুরবাড়ির কাছে একটি দোকানে গিয়েছিলেন। সেখানে দুই অজ্ঞাতপরিচয়ের যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোকানদার রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় তিনি মোবাইল ফোন রেখে চলে যান। পরে আবার ফোন নিতে এসে গুলি ছোঁড়ার শব্দ শুনি।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।