নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহত আলিফ কলমাকান্দার পোগলা এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে আলিফ একটি দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তার উপর পরপর গুলি ছোড়ে। স্থানীয়রা দৌড়ে এলে ওই যুবকেরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বলেন, সাংবাদিক আলিফের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে রওনা হয়েছেন। পুলিশ জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর আলিফকে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছিল। তিনি মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতেন।