নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ইমরান ইসলাম ইমন এবং মো. সাব্বির আহম্মেদ। ইমন দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার এবং সাব্বির তেরীবাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাদের সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক বলেন, ‘ইমন এবং সাব্বির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন।
আলিফ ফকির আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
এই হত্যাকাণ্ডের দুদিন পর, ১৭ অক্টোবর অপূর্ব নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা এবং পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি। এরপর গত ২০ অক্টোবর দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান প্রাঙ্গনকেও গ্রেপ্তার করা হয়।