পাবনার আটঘরিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উত্তরচক জালালের ঢালু গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নারীসহ হাসনা খাতুন, রাহেলা খাতুন, হাশেম আলী ও আরিফ আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জমিজমা নিয়ে মজনু ও সিরাজুলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সিরাজুলের ছেলে তুহিন কিশোর গ্যাংয়ের নেতা আকাশ খানসহ ১২ থেকে ১৫ জনকে ভাড়া করে নিয়ে আসেন।
অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্র নিয়ে তারা মজনু ও হাশেম আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। হামলার সময় স্থানীয়রা চিৎকার শুনে একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। একপর্যায়ে গণপিটুনিতে আকাশ খান ও সজিব আহত হন।
স্থানীয়রা সজিবকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, আটক ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।