মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রূপপুরে রাশিয়ান নাগরিকের মারামারিতে একজন নিহত, অপর আহত

রূপপুরে রুশ নাগরিকের মারামারিতে একজন নিহত, অপর গুরুতর আহত।

রূপপুরে রাশিয়ান নাগরিকের মারামারিতে একজন নিহত, অপর আহত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত অপর রুশ নাগরিকের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন এবং তাদেরকে গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে কুদরিন সার্গেইর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

বিজ্ঞাপন