মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শিবলু মুন্সি, তিনি আকবর মুন্সির ছেলে। আজ সোমবার নিজ কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিবলু মুন্সি কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই ঘরে আগুন লাগান, যা পরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয়রা আগুনের ঘটনা টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শিবলু মুন্সি দগ্ধ হয়ে মারা যান।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, শিবলু মুন্সি ঘরের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডারের কাছে আগুন লাগিয়ে দেন। এর ফলে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠানো হয়েছে।