পাবনার ঈশ্বরদী উপজেলায় চুরির সময় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ৩টার দিকে সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে।
নিহত ব্যক্তির নাম মানিক হোসেন ওরফে সুমন (৩২)। তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা গ্রামের মৃত বয়েন মণ্ডলের ছেলে। ঘটনার সময় অভিযুক্ত সুমন একটি মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।
দোকান মালিক হাবিবুল মন্ডল জানান, গভীর রাতে দোকানে শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে সুমনকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত সুমন ধারালো চায়নিজ কুড়াল দিয়ে হাবিবুলের হাত ও পিঠে আঘাত করেন।
হাবিবুলের চিৎকারে তার দুই ছেলে ঘটনাস্থলে এসে সুমনকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু সুমন তাদেরও আঘাত করেন। পরে স্থানীয়রা সুমনকে আটক করে গণপিটুনি দেন, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত দোকান মালিক হাবিবুল ইসলাম ও তাঁর দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।