রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, নিহতরা অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং সাদিকুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেলের চিৎকার শুনে মুসল্লিরা চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়ার পর স্থানীয়রা তাদের ধাওয়া করেন।
নিহতরা ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পালানোর চেষ্টা করেছিলেন। স্থানীয়দের দাবি, তারা ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ফেলেন। এই সময় পিটুনিতে দুজনের মৃত্যু ঘটে।
অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, রাতে অটোরিকশার ঘরের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। তিনি জানান, চুরির সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং পরে চিৎকার করে মসজিদের লোকজনকে ডাকেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।