রংপুরের গংগাচড়া উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরি করার সময় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় বড়বিল ইউনিয়নের বাগেরহাট গ্রামে।
নিহতদের মধ্যে একজন হলেন কচুয়া বাগদহারা গ্রামের ইন্তাজ আলীর পুত্র এজারুল মিয়া ওরফে কানা এবং অন্যজন দক্ষিণ কোলকন্দ গ্রামের আইয়ুব আলীর পুত্র সাদিকুল ইসলাম।
গংগাচড়ার থানার ওসি আব্দুল সবুর জানিয়েছেন, স্থানীয় আব্দুল মতিন মেম্বারের পুত্র সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিকশার ব্যাটারি চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে খবর দেন।
এরপর এলাকাবাসী তাদের ধাওয়া করে এবং আধা কিলোমিটার দূরে গিয়ে আটক করে গণপিটুনি দেয়। এই সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর তাদের লাশ উদ্ধার করে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এখানে প্রয়োজনীয় কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হবে।