রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরী সামিয়া নুরের মৃত্যু হয়েছে।

রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে ১৫ বছর বয়সী কিশোরী সামিয়া নুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামিয়া কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা নুরুন্নবী জানান, তার স্ত্রী জরায়ু টিউমারের চিকিৎসার জন্য ৫ থেকে ৬ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি হন এবং ২৮ তারিখে অপারেশন হওয়ার কথা ছিল।

নুরুন্নবী বলেন, “আমার মেয়ে বাইরে থেকে এসে বলেছিল, মা ভাত দাও ক্ষুধা লেগেছে। পরে ভাত খেয়ে একটি বড় জানালার কাছে গিয়ে বসেছিল। তখন তার মাথা চক্কর দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।”

তিনি আরও জানান, চিকিৎসকদের কাছ থেকে শুনেছেন যে সামিয়ার ঘাড় ভেঙে গেছে এবং একটি হাতও ভেঙেছে। এ ছাড়া কান দিয়ে রক্ত বের হয়েছে এবং ভেতরে অনেক রক্তক্ষরণ হয়েছে।

নুরুন্নবী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি নিঃসন্তান ছিলাম। ৩ বছর বয়সে আমার কলিজাটাকে আমি দত্তক নিয়েছিলাম। আজ আমি সব হারালাম। কি নিয়ে বাঁচবো আমরা!”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন