শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সুরাটে দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১০

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সুরাটে দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় সুরাটে দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১০

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় তদন্তের অংশ হিসেবে গুজরাটের সুরাট থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি তাজা কার্তুজ উদ্ধার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার (২৩ অক্টোবর) সুরাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, অস্ত্রের সরবরাহপথ অনুসরণ করে সুরাটের একটি গোপন আস্তানার সন্ধান পান। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর ফরেনসিক পরীক্ষা ও ব্যালিস্টিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযোগ, মোটরসাইকেলে আসা অন্তত দুই ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যান। হামলায় টাইগার শ্রফ বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও তার গাড়িচালক ও এক পথচারী আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা গাড়িটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়ে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি পরে মুম্বাইয়ের আন্ধেরি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা হয়েছে।

এখন পর্যন্ত মোট ১০ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রাজস্থান, উত্তর প্রদেশ ও হরিয়ানা থেকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। পুলিশ গ্যাংস্টার অনিল পণ্ডিতকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করেছে, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করেছেন।

এদিকে, মুম্বাইয়ের জুহু এলাকায় অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাংলোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি একটি ই-মেইলে পাঠানো হয়েছে, যেখানে বিএমসির কয়েকটি কার্যালয় এবং অন্যান্য স্থানের উল্লেখ রয়েছে।

মুম্বাই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা ই-মেইলটির বিষয়বস্তু যাচাই করছে এবং উল্লেখিত স্থানগুলোর নিরাপত্তাঝুঁকি মূল্যায়ন করছে। তবে, হুমকিতে উল্লেখ করা হামলাগুলো বাস্তবে ঘটেছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিজ্ঞাপন