মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি উপজেলার হাসাড়া এলাকায় ঘটে, যখন চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ১১ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) এবং তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।