গাজীপুরের টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে মারা যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইটে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি নামের একটি মুরগীর খাবার পরিবহনকারী গাড়ির চাপায় নিহত হন সিদ্দিকুর রহমান (৪৫)। তিনি শ্রীপুর পৌর এলাকার হাছেন আলীর ছেলে এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
ওসি মো. শাহিনুর আলম জানান, সিদ্দিকুর রহমান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, তখন হঠাৎ করে মুরগির খাবার বাহী গাড়িটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।