কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২। এ অভিযানে আবু মোহাম্মদ তৌকির নেওয়াজ আসিফ নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটকের সময় বিপুল পরিমাণ পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, আটক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে অস্ত্র তৈরির ভিডিও প্রকাশের পাশাপাশি অস্ত্র বিক্রির বিজ্ঞাপনও দিতেন।
এসআরবি-১১, সিপিসি-২-এর গোয়েন্দা দল টিকটকে প্রকাশিত ভিডিওগুলি নজরদারি শুরু করে। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয় এবং বৃহস্পতিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার ইসাপুর এলাকায় অভিযান চালানো হয়।
এসআরবি জানায়, আটক যুবক অস্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে দেশীয় অস্ত্র তৈরি শুরু করেন। পরে তিনি এসব অস্ত্রের ভিডিও প্রকাশ করে বিক্রির প্রচার চালাতেন। সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে বেচাকেনার প্রক্রিয়া চলত।
এছাড়া, ‘বন্দুক’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অস্ত্র নিয়ে তথ্য আদান-প্রদান এবং দরদাম ও বিক্রিসংক্রান্ত আলোচনা চলত বলে জানায় এসআরবি। আটক যুবকের একটি ভিডিওতে তাকে আনসারের পোশাক পরে টিকটকে অভিনয় করতে দেখা যায়।