খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করে এসআরবি।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আনিছুর রহমান পলাশ। এসআরবি সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যবসায়ী গরুর মাংস হিসেবে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিলেন। হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের পর জব্দকৃত ঘোড়ার মাংস জনসম্মুখে মাটির গর্তে পুঁতে ফেলা হয়।