রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন।
অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। এ ছাড়া ১ কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মুঠোফোন, ২০০ টাকার ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড এবং ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।