বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮ জন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে মাদক ও ভেজাল ওষুধের সরঞ্জাম।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৬৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৩ জন, মিরপুর বিভাগ থেকে ১০২ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৬৩ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন এবং সিটিটিসি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, অভিযানে ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভেজাল ওষুধের মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেবেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন