বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৪। পুলিশ তদন্ত শুরু করেছে।

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁর হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। ঘটনার সময় চাতালে কাজ করা হামিদা বেগম বলেন, ‘একসাথে কাজ করছিলাম। কিছুক্ষণ পর দেখি খালেক ভাই নেই। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। চাতালগুলোতে নিরাপত্তার অভাব রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা প্রতিদিনের মতো ধান সিদ্ধের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে, ফলে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্কিত শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। পরে ধোঁয়া কিছুটা কমলে তারা আব্দুল খালেককে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় চালকলের মালিক পলাতক রয়েছেন। নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা তদন্ত করছি এবং পরে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

বিজ্ঞাপন