মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে নিহত ব্যক্তির নাম, পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান মুহাম্মদ সফিকুল ইসলাম।